ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত
সংবাদদাতা ঃ মোঃ আরমান হোসেন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
তিনি ওই এলাকার সাত্তার খানের ছেলে।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে বিরোধের জেরে রাসেল ও তাঁর কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ইলিয়াস গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম জানান,
ইলিয়াস নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটক এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এ ঘটনায় থানায় মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।