প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ গ্রামবাসীর তাণ্ডব: আখখেতে ধ্বংস হলো বিশাল মদের কারখানা:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া গ্রামে এক অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘ দিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে, অবশেষে গ্রামবাসী নিজেরাই উদ্যোগী হয়ে আখখেতের ভেতরে গড়ে ওঠা একটি অবৈধ চোলাই মদের কারখানা গুঁড়িয়ে দিয়েছেন। এ সময় প্রায় পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করেন বিক্ষুব্ধ স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর দিয়ারপাড়া গ্রামের নির্জন আখখেতকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিপণন করে আসছিল। জনবসতির কাছাকাছি এই অনৈতিক কর্মকাণ্ডের ফলে এলাকার উঠতি বয়সী যুবক ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, এই কারখানার কারণে এলাকায় চুরি ও সামাজিক অস্থিরতাও বেড়ে গিয়েছিল।
গ্রামবাসীরা অভিযোগ করে বলেন,আমরা একাধিকবার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং বারবার অভিযোগ দিয়েছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার অভিযোগ করার পরও যখন অপরাধীরা পার পেয়ে যাচ্ছিল, তখন আমরা আর ধৈর্য ধরে রাখতে পারিনি। শুক্রবার (১৭ জুলাই) ক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে আখখেতে অভিযান চালান। সেখানে গিয়ে তারা মদের বিশাল ভাণ্ডার দেখে হতবাক হন। পরে উপস্থিত সবাই মিলে প্রায় পাঁচ হাজার লিটার মদ ফেলে দিয়ে মদ তৈরির সরঞ্জামসহ কারখানাটি পুরোপুরি ধ্বংস করে দেন।
কারখানাটি ধ্বংস করার পর গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের নাকের ডগায় কীভাবে দিনের পর দিন এত বড় অবৈধ কর্মকাণ্ড চলে, তা আমাদের বোধগম্য নয়। তারা অনতিবিলম্বে এই মদের ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর এই সাহসী উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।