স্টপ রিপোর্টারঃ
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাব-এর ইতিহাসে প্রথমবারের মতো আগামী ৩ অক্টোবর ২০২৬ (শনিবার) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এবারের নির্বাচনে ক্লাবের মোট ৮৪ জন ভোটার আগামী দিনের নেতৃত্ব নির্ধারণে ১৭টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব পদের বিপরীতে সর্বমোট ৪৭টি মনোনয়নপত্র সংগৃহীত হয়েছে।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ফরম বিতরণের সময় বিভিন্ন পদের প্রার্থীদের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রার্থীরা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ মনোনয়নপত্র জমাদান করেন।
এ নির্বাচনে প্রশিক্ষণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় দৈনিক মুক্তি সমাচার-এর সিলেট প্রতিনিধি ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট-এর স্টাফ রিপোর্টার তরুণ ইসলামী স্কলার ও ইউনানী চিকিৎসক হাফিজুল ইসলাম।
প্রথমবারের মতো আয়োজিত এই গণতান্ত্রিক নির্বাচনকে ঘিরে ক্লাব সদস্যদের মাঝে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচনের নতুন সম্ভাবনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়েই চূড়ান্তভাবে নির্ধারিত হবে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন মেয়াদের নেতৃত্ব।