আব্দুস সামাদ রংপুর বিভাগীয় প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় রুপি, ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ফোন ও বাংলাদেশি নগদ অর্থসহ এক ব্যক্তিকে আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এ সময় অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি নন্দেরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ ধরলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মোঃ পিয়াল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি পাটগ্রাম উপজেলার কানাই বাছড়া এলাকার মৃত সাফিউল ইসলামের ছেলে।
এ সময় অভিযানে ৫ হাজার ভারতীয় রুপি, ১০ পিস ভারতীয় ইয়াবা, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং বাংলাদেশি নগদ ১ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় মোঃ মাসুদ হাসান (৩০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়। তিনি জোংড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
বিজিবি জানায়, আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৮৭ হাজার ২২০ টাকা। এ ঘটনায় ধৃত ও পলাতক আসামির বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।