আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা ইউনিয়নে মৎস্য অধিদপ্তর ও জলজ প্রাণী রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার ৩০ জুন দুপুর ১২টার দিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসার সেলিনা পারভীন। অভিযানকালে উপস্থিত ছিলেন দহগ্রাম-আঙ্গোরপোতা ইউনিয়নের প্রশাসক আব্দুল হামিদ সরকার, গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিসার সূত্রে জানা যায়, চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব অবৈধ জালের মাধ্যমে ছোট মাছ, পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হওয়ায় নদী-খাল-বিলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হচ্ছে। মৎস্য ও জলজ জীবন সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিনা পারভীন জানান, মৎস্য সম্পদ সংরক্ষণে পাশাপাশি অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানান তিনি।