বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
চট্টগ্রাম, ১৬ এপ্রিল ২০২৬: দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রসম্পদ সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে পৃথক দুইটি অভিযানে ৭২ হাজার পিস ইয়াবা, ১১ হাজার মিয়ানমারের কিয়াত এবং দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় নৌবাহিনীর একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামের দুইজনকে ধাওয়া করে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, একই ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে বিশেষ কৌশলে তৈরি গোপন কক্ষ থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং ১১ হাজার মিয়ানমারের কিয়াত উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপকূলীয় ও সমুদ্র এলাকায় মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।