নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় ছিনতাইকারীদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বেজাউল করিম। গত বৃহস্পতিবার রাতে ফুটবল খেলার আমন্ত্রিত অতিথিদের দাওয়াত দিতে চট্টগ্রামের মিরসরাই যান তিনি। সফর শেষে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ নিজ বাসায় ফেরার পথে ভোর রাত আনুমানিক সাড়ে চারটার দিকে চাষাড়া এলাকায় ওত পেতে থাকা একদল ছিনতাইকারী তাঁর ওপর চড়াও হয়। ছিনতাইকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মকভাবে জখম করে এবং তাঁর সাথে থাকা মানিব্যাগ ও নগদ টাকা লুটে নেয়। ওই সময় আকস্মিকভাবে পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে চলে আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায়, যার ফলে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই নৃশংস ঘটনার পর তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ প্রকাশ এবং বেজাউল করিমের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম মাসুদ রানা সুমন, বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ইমন হাসান, বয়লার অপারেটর ক্লাব বিডির প্রতিষ্ঠাতা মোহাম্মদ জামাল উদ্দিন সৈকত এবং উত্তর অঞ্চলের সকল বয়লার পরিচারকদের পক্ষে ফরিদুল ইসলামসহ দেশের বিভিন্ন বয়লার পরিচারক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, সেই সাথে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী ও কঠোর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন।