মোঃ রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাগান থেকে মোহাম্মদ আব্দুল রশীদ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল রশীদ খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (১৮ মে) সকালে সালামাবাদ ইউনিয়ন পরিষদের পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত কালিয়া থানা পুলিশকে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন পথচারী বাগানের ভেতরে গলায় রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে নিহত ব্যক্তি খুলনার কয়রা উপজেলা থেকে কীভাবে কালিয়ার সালামাবাদ এলাকায় এলেন এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সত্যতা উদঘাটনে জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
মোঃরাসেল শেখ
নড়াইল জেলা পতিনিধি।