হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঢুপি গ্রামে ঐতিহ্যের রাজকীয় সাক্ষ্য নিয়ে দাঁড়িয়ে আছে জৈন্তিয়া রাজ্যের ঐতিহাসিক সরাইখানা বা পান্থশালা। রাজা দ্বিতীয় রামসিংহের স্মৃতিবিজড়িত এই প্রাচীন স্থাপনাটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন হলেও যথাযথ সংরক্ষণ ও প্রচারের অভাবে এটি এখন অস্তিত্ব সংকটে।
ঐতিহাসিকদের মতে, ১৭৯৭ সালে রাজা দ্বিতীয় রামসিংহ ঢুপির মঠ নির্মাণের পাশাপাশি এই সরাইখানাটি তৈরি করেন। তৎকালীন সময়ে জৈন্তিয়া রাজ্যের সমতল অঞ্চলে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নৌপথ। সারীঘাট ছিল সেই সময়ের ব্যস্ততম নৌবন্দর। দক্ষিণ ও পূর্ব জৈন্তিয়ার ব্যবসায়ী, সাধারণ যাত্রী এবং পূণ্যার্থীরা নৌকাযোগে এখানে এসে বিশ্রাম নিতেন। তাদের আহার ও আশ্রয়ের সুবিধার্থেই পাহাড়ের পাদদেশে এই নান্দনিক সরাইখানাটি নির্মাণ করা হয়।
স্থাপনাটি মূলত একটি মজবুত দোচালা ঘর, যেখানে এককালে ২০-২৫ জন পর্যটকের থাকার সুব্যবস্থা ছিল। এর বিশেষ বৈশিষ্ট্য হলো, বারান্দার পাঁচটি খিলান এবং দক্ষিণ দেয়ালে রয়েছে তৎকালীন সময়ের নিখুঁত স্থাপত্যশৈলী। ১৮৯৭ সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পেও স্থাপনাটি অক্ষত ছিল, যা এর মজবুত নির্মাণশৈলীর পরিচয় দেয়। ব্রিটিশ আমলে রাস্তা নির্মাণের সময় সরাইখানার পাশেই থাকা ঐতিহাসিক পাথরে বাঁধানো জলাধারটি ভরাট করে দেওয়া হয়। বর্তমানে সিলেট-তামাবিল মহাসড়কের মাঝখানে স্থাপনাটি অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে।
দীর্ঘদিন ধরে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করা গবেষক ও পরিবেশপ্রেমী আসিফ আযহার বলেন, ঢুপির সরাইখানা শুধু একটি দালান নয়, এটি জৈন্তিয়া রাজ্যের অর্থনীতি ও সংস্কৃতি বিকাশের জীবন্ত দলিল। মহাসড়কের পাশে অরক্ষিত অবস্থায় থাকায় এটি যেকোনো সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।
স্থানীয় সচেতন মহলের দাবি, সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করায় কম্পনের ফলে স্থাপনাটিতে ফাটল ধরার ঝুঁকি বাড়ছে। এছাড়া অতীতে রাস্তা প্রশস্ত করার সময় এটি ভেঙে ফেলার উপক্রম হয়েছিল, যা স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে রক্ষা পায়।
জৈন্তিয়ার এই অমূল্য সম্পদ রক্ষায় এলাকাবাসী ও ঐতিহ্যপ্রেমীরা তিনটি প্রধান দাবি জানিয়েছেন, অতিদ্রুত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে এর সংস্কার করা। মহাসড়কের পাশে হওয়ায় স্থাপনাটির চারদিকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা। যথাযথ গবেষণার মাধ্যমে এই সরাইখানার ইতিহাস তুলে ধরে একে পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে ইতিহাসের এই অমূল্য সম্পদটি চিরতরে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ইতিহাসবিদেরা।