গোবিন্দ রায়, স্টাফ রিপোর্টার (বগুড়া)
বগুড়ার ধুনটে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জিয়ারুল ইসলাম (৪৫) নামে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। চিকিৎসকের পরীক্ষায় ওই কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ভুক্তভোগী কিশোরীর বড় বোন বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। অভিযুক্ত জিয়ারুল ইসলাম উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তের বাড়ির পাশেই ভুক্তভোগী কিশোরীর দিনমজুর মা-বাবার বসতবাড়ি। প্রতিবেশী হওয়ার কারণে কিশোরীর ওই বাড়িতে যাতায়াত ছিল। এই সুযোগে গত ১০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয়ভীতি দেখানো হয়।
এজাহারে আরও বলা হয়, ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। পরে প্রায় এক মাস ধরে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
সম্প্রতি কিশোরীর শারীরিক সমস্যা দেখা দিলে পরিবারের সদস্যরা গত ৮ নভেম্বর তাকে ধুনট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও আলট্রাসনোগ্রাফির পর চিকিৎসক জানান, কিশোরীটি ছয় মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত জিয়ারুল ইসলাম পলাতক রয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।