আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
নওগাঁর ধামইরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে মাদক সেবনরত অবস্থায় উপকরণসহ হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে গতকাল ২৭ জুন ২০২৬ তারিখ, শনিবার গভীর রাতে ধামইরহাট থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন উত্তর চকযদু এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকসেবনরত অবস্থায় যাবতীয় উপকরণসহ দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ১। মোঃ রফিকুল ইসলাম (২৪), পিতা- মোঃ জহুরুল ইসলাম, এবং ২। ইউসূফ রেজা সরকার, পিতা- ইসমাইল হোসেন। তারা উভয়েই ধামইরহাট থানার উত্তর চকযদু এলাকার বাসিন্দা।
আটককৃতদের তাৎক্ষণিকভাবে ধামইরহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে মাদকসেবনের অপরাধে ধৃত ২ আসামীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকে ২,০০০/- (দুই হাজার) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও মেয়াদে কারাদণ্ড ভোগ করতে হতে পারে বলে জানা গেছে।
দণ্ডপ্রাপ্তদের আজ সকালে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।