শোয়েব হোসেন,
অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে পারছেন না—এমন অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ নিয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি১, বাংলাদেশের উদ্যোগে এ চক্ষুসেবা কর্মসূচি শুরু হয়।
আয়োজকদের ব্যানারে দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি রোগীদের অস্ত্রোপচারের জন্য বাছাই করার ব্যবস্থা রাখা হয়।
নির্বাচিত রোগীদের ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হবে। পাশাপাশি অস্ত্রোপচারের পর রোগীদের বিনামূল্যে কালো চশমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নে ব্যবস্থাপনায় রয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন, লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যারিস্টোক্রেট এবং লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা ওয়েস্ট।
এ ছাড়া সহযোগিতায় রয়েছে নবাবগঞ্জ সোসাইটি, নবাবগঞ্জ প্রেসক্লাব ও কলাকোপা ইউনিয়ন পরিষদ।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন লায়ন মো. নুরুল রহমান নাদিম, এমজেএফ।
স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের এ উদ্যোগকে অসচ্ছল মানুষের জন্য একটি মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যাঁরা দীর্ঘদিন ধরে ছানি সমস্যার চিকিৎসা করাতে পারছেন না, তাঁদের জন্য এ উদ্যোগ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।