সাতক্ষীরা প্রতিনিধি | মো. হাফিজুল ইসলাম
বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতির দাবিতে সারাদেশে চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা তাদের দাবি পুনর্ব্যক্ত করেন।
দুপুর ২টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আন্দোলনরত কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রধান ডাকঘরের সামনে এসে সমবেত হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা তাদের দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে কর্মরত প্রায় ২৩ হাজার এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী দীর্ঘকাল ধরে অবর্ণনীয় বৈষম্যের শিকার। বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্যহীন অপ্রতুল বেতন-ভাতায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এছাড়া বছরের পর বছর দায়িত্ব পালন করলেও তাদের আজও বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি দেওয়া হয়নি।
কর্মচারীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে—বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং সকল ইডি কর্মচারীকে বিভাগীয় মর্যাদা প্রদান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, তালা উপজেলার হরিহরনগর শাখা ডাকঘরের পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, রসুলপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ জেলার বিভিন্ন শাখা থেকে আগত কর্মচারীরা।