সমর বিকাশ চাকমা দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মনোরম পরিবেশে তপোবন বৌদ্ধ বিহারে অত্যন্ত শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উদযাপিত হয়েছে।
রবিবার (৩ মে ২০২৬) দিবসটি উপলক্ষে বিহার প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই দিনে বিহার প্রাঙ্গণে স্থানীয় পুণ্যার্থীসহ বিভিন্ন এলাকার প্রচুর সধর্মপ্রাণ দায়ক-দায়িকার সমাগম ঘটে।
ধর্মীয় অনুষ্ঠানের মূল কর্মসূচি ছিল
ভোরে বুদ্ধ পূজা ও পঞ্চশীল গ্রহণের মাধ্যমে দিবসের সূচনা হয়।
দুপুরে সমবেত দায়ক-দায়িকাদের মাঝে শীল প্রদান, বৌদ্ধ মূর্তি দান, অষ্টপরিস্কার দান, সঙ্ঘদান ও নানাবিধ দান যজ্ঞের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত পুণ্যার্থীদের উদ্দেশে তপোধন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ সুমনানন্দ মহাস্থবির ভান্তে হিতোপদেশ ও মৈত্রী ভাবনা প্রদান করেন।
প্রধান অতিথি ও অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কবাখালী মৈত্রী বৌদ্ধ বিহারের পরম পূজনীয় শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির ভান্তে। ধর্মদেশনায় তিনি বুদ্ধের অহিংসা ও মৈত্রীর বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "হিংসা ও হানাহানি পরিহার করে গৌতম বুদ্ধের দর্শনে নিজেকে গড়ে তোলাই হোক এই দিবসের প্রধান ব্রত।"
বিকেলের দিকে বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মনোরম পরিবেশ আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এবারের বুদ্ধ পূর্ণিমা উদযাপন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।