মোঃ নাঈম উদ্দীন
জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রবাসী ছেলের অনুপস্থিতিতে নববিবাহিতা পুত্রবধূকে শ্লীলতাহানি ও নির্যাতনের চেষ্টার অভিযোগে লম্পট শ্বশুর রহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতারের পর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত রহিদুল ইসলাম উপজেলার জুড়ানপুর পশ্চিম পাড়ার মৃত খেদের বিশ্বাসের ছেলে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এই সুযোগে অভিযুক্ত শ্বশুর রহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। লম্পট শ্বশুরের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগী গৃহবধূকে প্রায়ই মানসিক নির্যাতন এবং বিভিন্ন প্রকার প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত রহিদুল ইসলাম তার পুত্রবধূর ঘরে অতর্কিত প্রবেশ করেন এবং জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালান। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৭, তারিখ: ০৯/০৪/২০২৬ইং)। উল্লেখ্য যে, মামলার সময় ভুক্তভোগীর পাশে দাঁড়িয়ে সাহসের পরিচয় দেন তার শাশুড়ি (অভিযুক্তের স্ত্রী), যা এলাকায় প্রশংসিত হয়েছে।
মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে রহিদুল ইসলামকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান:
"ভুক্তভোগী নারী তার শাশুড়িকে সঙ্গে নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। গতকালই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।"
তিনি আরও জানান, মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং ভুক্তভোগীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ কাজ করে যাচ্ছে।