আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর তানোরে অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় থানা পুলিশ। আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) উপজেলার মুন্ডুমালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মো. ইয়ামিন সরকার (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম মুন্ডুমালা হাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়ামিন সরকারের বসতবাড়ির প্রধান ফটকের সামনে থেকে তাকে ৩ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ইয়ামিন মুন্ডুমালা হাট এলাকার মৃত মোস্তাফিজুর রহমান বাবুর ছেলে।
গত ১৩ জুলাই দায়ের হওয়া তানোর থানার মামলা নং-১৪-এর এজাহারভুক্ত আসামি মো. হাতেম আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাঐড় গ্রামের মৃত বাদল সরকারের ছেলে।পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে আটক করা হয়েছে। তারা হলেন— সিআর পরোয়ানাভুক্ত আসামি আমশো গ্রামের মো. শাকিল আহমেদ এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি জুমারপাড়া গ্রামের মো. সাদ্দাম (৪৫)।
এই সফল অভিযানে এসআই মো. শফিকুল ইসলাম, এসআই মো. জাহাঙ্গীর আলম এবং এএসআই মো. শাহাদাত হোসেন অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে দায়িত্ব পালন করেন কনস্টেবল রাজু আহমেদ, জিসান বাবু ও শরিফুল ইসলাম। তানোর থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পুলিশের এমন তৎপরতায় স্থানীয় পর্যায়ে অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।