আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহীর তানোর উপজেলার কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২০ জুন, শনিবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ (চার) তলা ভিত বিশিষ্ট ০১ (এক) তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা অধ্যাপক মো: মুজিবুর রহমান।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর তত্ত্বাবধানে এই নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব নাইম খান এবং তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো: মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার মানোন্নয়ন এবং কারিগরি শিক্ষার প্রসার। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই নতুন একাডেমিক ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তরুণ প্রজন্ম দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আমি আশাবাদী।
দীর্ঘদিন পর নতুন এই একাডেমিক ভবনের কাজ শুরু হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা এই উদ্যোগের জন্য মাননীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সবশেষে, কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।