মোঃ সুমন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে শিক্ষক-কর্মচারীদের মিলনমেলায় পরিণত হয়েছিল উপজেলা পরিষদ মিলনায়তন। বৃহস্পতিবার দিনব্যাপী তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজ সভা। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া শিক্ষকদের সম্মান জানাতে এই আয়োজনকে ঘিরে উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মাঝে ছিল উৎসবের আমেজ।
৩৪ জন শিক্ষকের মুখে হাসি মানবিক সেবার নজির স্থাপন করে অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক স্কুলের মোট ৩৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর হাতে চেক তুলে দেওয়া হয়। কল্যাণ তহবিলের অংশ হিসেবে মোট ৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে, যা অবসরপ্রাপ্তদের পরবর্তী জীবনে কিছুটা হলেও আর্থিক স্বস্তি যোগাবে।
শিক্ষকদের জন্য বিশেষ বার্তা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। তিনি শিক্ষকদের জাতির শ্রেষ্ঠ কারিগর হিসেবে অভিহিত করে বলেন, “আপনারা মানুষ গড়ার কারিগর। আপনাদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে। তাই কোনো রকম দলবাজি বা অনৈতিক প্রভাবের আশ্রয় নেবেন না। আপনাদের মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের দিকে বিশেষ নজর দেওয়া।”
অনুষ্ঠানের বিস্তারিত সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল ইসলাম, থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার সায়মা আঞ্জুমান এবং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।