আব্দুস সামাদ
রংপুর বিভাগীয় প্রতিনিধি।।
নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকির ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ডোমার থানাধীন সীমান্ত পিলার ৭৭৮/৮-এস থেকে প্রায় ১ হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌরাঙ্গী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালাপাড়া বিওপির একটি টহলদল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে চৌরাঙ্গী মোড় এলাকায় আসছে। পরে সুবেদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবির টহলদল সেখানে অবস্থান নেয়।
ভোর সাড়ে ৪টার দিকে সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক জাকির ইসলাম ডোমার উপজেলার মৌজা গোমনাতি গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা এবং জব্দ করা মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোটরসাইকেলসহ ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ চোরাচালান ও বিস্তার রোধে তাদের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।