ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি | শেখ মাহতাব হোসেন
খুলনার ডুমুরিয়া উপজেলায় 'তথ্য আপা' প্রকল্পের আওতায় বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও তথ্য আপা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) কর্মকর্তারা নারীর ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)-এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব শাহনাজ বেগম নীনা। তিনি বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা সমাজকে পিছিয়ে দেয়। আমাদের মায়েরা ও বোনেরা যদি প্রযুক্তিতে দক্ষ হন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, তবেই একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বাল্যবিয়ে ও সহিংসতামুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য আপা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব এস এম নাজিমুল ইসলাম। তিনি গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রকল্পের বিভিন্ন দিক ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান এবং উপজেলা তথ্য আপা মোছাঃ শামসুন্নাহার।
সভাপতির বক্তব্যে ইউএনও সবিতা সরকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা প্রদান ও বাল্যবিবাহ রোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় নারী প্রতিনিধি, উপকারভোগী নারী, তথ্য সেবা কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা নিজ নিজ অবস্থান থেকে গ্রামীণ নারীর উন্নয়ন ও সুরক্ষায় একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবেদকের তথ্য:
শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া, খুলনা
মোবাইল: ০১৭১১৩৬৪৪৩১