জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মোবারক (১৯) নামে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ বিকেল পৌনে ৬টার দিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র্যাব ক্যাম্পের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জিনজিরা পাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে মো. মোবারক (১৯)-কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেখানো মতে সিএনজি অটোরিকশার নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।