ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অ্যাপগুলোর অন্যতম একটি হলো টিকটক। বিনোদনের সহজ ও সস্তা মাধ্যম হিসেবে যাত্রা শুরু করলেও, বর্তমান প্রেক্ষাপটে এটি যেন সুস্থ বিনোদনের চেয়ে সামাজিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তরুণ-তরুণীদের কাছে এই অ্যাপের আকর্ষণ এখন আর কেবল ভালোলাগার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি রূপ নিয়েছে মাদকের মতো এক ভয়ংকর নেশায়। আর এই সাময়িক সস্তা জনপ্রিয়তার নেশা সমাজকে ঠেলে দিচ্ছে চরম অন্ধকারের দিকে, কেড়ে নিচ্ছে অসংখ্য তাজা প্রাণ।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে এক শঙ্কার চিত্র। টিকটক ভিডিও বানাতে গিয়ে কিংবা অবাস্তব সব ঝুঁকিপূর্ণ কসরত করতে গিয়ে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে আমাদের তরুণরা। কেবল জীবনের ঝুঁকিই নয়, এই প্ল্যাটফর্মের অপব্যবহারের ফলে আশঙ্কাজনকভাবে বিলীন হয়ে যাচ্ছে আমাদের চিরায়ত সামাজিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নৈতিকতা। টিকটক ভিডিওকে কেন্দ্র করে পর্দার আড়ালে তৈরি হচ্ছে নানাবিধ অপরাধের জাল।
লক্ষণীয় বিষয় হলো, এই আসক্তি আজ আর কোনো নির্দিষ্ট বয়স বা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নেই। শিশু-কিশোর, তরুণ থেকে শুরু করে প্রবীণরাও জড়িয়ে পড়ছেন এই স্রোতে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থী সমাজ। জীবনের যে সোনালী সময়ে শিক্ষার্থীদের টেবিলে বসে সিলেবাস শেষ করার কথা, ক্যারিয়ার গড়ার কথা, সে সময়ে তারা ঘন্টার পর ঘন্টা ব্যয় করছে এই অপ্রয়োজনীয় প্ল্যাটফর্মে। সস্তা ও অযৌক্তিক উপায়ে "ভাইরাল" হওয়ার এক অন্ধ প্রতিযোগিতা কাজ করছে তরুণদের মনে। এই অলীক স্বপ্ন তাদের বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে ধ্বংসের মুখে দাঁড় করাচ্ছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে যেসব কনটেন্ট সবচেয়ে বেশি সাড়া ফেলছে বা ভাইরাল হচ্ছে, সেগুলোর সিংহভাগেরই কোনো শিক্ষামূলক বা ইতিবাচক মূল্য নেই।
টিকটকের এই সর্বগ্রাসী রূপ কেবল মানসিক বা সামাজিক অবক্ষয়ই ডেকে আনছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিকভাবেও পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছে। দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে বসে ভিডিও দেখা কিংবা তা এডিট করার ফলে তরুণদের শারীরিক নড়াচড়া কমে যাচ্ছে। ফলে স্থূলতা (ওজন বৃদ্ধি) সহ নানা রকম জটিল রোগব্যাধি শরীরে বাসা বাঁধছে। অলস ও অসুস্থ এই প্রজন্ম আগামী দিনে দেশের হাল ধরতে কতটা সক্ষম হবে, তা সত্যিই এক বড় উদ্বেগের বিষয়।
এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই উদ্যোগী হতে হবে। কতিপয় জরুরি পদক্ষেপের মাধ্যমে এই অন্ধকার জগৎ থেকে তরুণদের আলোর পথে ফেরাতে কতিপয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে-
১. বাস্তবমুখী জীবনযাপন- তরুণদের ভার্চুয়াল জগৎ থেকে বের করে বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত করতে হবে।
২. শারীরিক ও সাংস্কৃতিক চর্চা- মাঠপর্যায়ে খেলাধুলা, ব্যায়াম এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করা।
৩. সচেতনতা বৃদ্ধি- পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে টিকটকের অপব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা।
৪. রাষ্ট্রীয় নীতিমালা ও আইন- প্রয়োজনে সরকারের পক্ষ থেকে কঠোর আইন ও নীতিমালা প্রণয়ন এবং তার সঠিক প্রয়োগ নিশ্চিত করা।
পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন এবং উদ্বেগজনক হয়ে ওঠার আগেই আমাদের জাগতে হবে। সমাজ ও রাষ্ট্রের শিক্ষিত, সচেতন ও অভিভাবক শ্রেণীকে এখনই একযোগে এগিয়ে আসতে হবে। একটি সুস্থ, সবল ও নৈতিকতাসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবী।
লেখক,
ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর,
সাবেক ইন্টার্ণী চিকিৎসক- সিলেট সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক-বিএমএসএস কেন্দ্রীয় কমিটি।
সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটি।
সাংগঠনিক সম্পাদক- বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব।
সম্পাদক ও প্রকাশক- শব্দের আলাপন।
সম্পাদক ও প্রকাশক- দৈনিক লস্কর বার্তা।
ব্যুরো প্রধান সিলেট- আজকের জনকথা।