মোঃ রানা
উপজেলা প্রতিনিধি ঝিনাইদহ সদর
ঝিনাইদহ সদর উপজেলার ১৬নং সুরাট ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অত্র ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলীকে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সুরাট ইউনিয়নের বারেক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, এলাকার উন্নয়ন ও ইনসাফ কায়েমে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। জনকল্যাণমূলক ইউনিয়ন গড়তে মাওলানা জুলফিকার আলীর ওপর দলের আস্থা রয়েছে। তিনি সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের সেবায় কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের জেলা উলামা বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মাওলানা ড. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরাট ইউনিয়নের সার্বিক অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাওলানা জুলফিকার আলীর প্রার্থিতা ইউনিয়নবাসীর জন্য একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
সমাবেশে ইউনিয়ন জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা জুলফিকার আলীর নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সৎ এবং যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করছে সাধারণ জনগণ।