সুবর্ণ বিশ্বাস, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে অরবিন্দ (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে হরিণাকুন্ডু পৌরসভার জুড়াপুকুরিয়া মাঠের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরবিন্দ পৌরসভার চিতলিয়াপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অরবিন্দ জুড়াপুকুরিয়া মাঠের একটি পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত পানিতে ডুবে যান। ওই সময় পাশেই ধানক্ষেতে সার দিতে আসা কয়েকজন যুবক তাকে পানিতে তলিয়ে থাকতে দেখেন। তারা দ্রুত এগিয়ে এসে অরবিন্দকে পানি থেকে উদ্ধার করার চেষ্টা চালান এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের খবর দেন।
সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হরিণাকুন্ডুর চিতলিয়াপাড়াসহ পুরো পৌর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।