সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার নারিকেলবাড়ীয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য আমেনা খাতুন কলেজে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক, সচিব মর্যাদা) জনাব মো: রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষাই জাতির মূল চালিকাশক্তি। তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এবং আধুনিক ও মেধাভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাণ্ডারি হতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
আমেনা খাতুন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি এবং ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ (পান্নু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মো: জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি
জনাব মো: আকতারুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপি
জনাব মো: সাজেদুর রহমান পপ্পু, সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি
জনাব মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আমেনা খাতুন কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ ও ফলাফলের প্রশংসা করেন এবং নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাঁরা গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই কলেজের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন আমেনা খাতুন কলেজের প্রভাষক আল মামুন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা ও বাস্তবায়নে মূল দায়িত্বে ছিলেন কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান। তিনি উপস্থিত সকল অতিথি, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীবৃন্দকে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।