সমর বিকাশ চাকমা দীঘিনালা প্রতিনিধি!
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার প্রাণকেন্দ্র লারমা স্কয়ার এখন জমে উঠেছে মৌসুমি লিচুর পাইকারি বেচাকেনায়। ভোর হতেই পাহাড়ি এলাকা ও আশপাশের বিভিন্ন বাগান থেকে ট্রাক, পিকআপ ও ভ্যানে করে বাজারে আসছে টাটকা লিচু। স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের পদচারণায় পুরো বাজার এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ব্যবসায়ীরা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় লেচুর ফলন ভালো হয়েছে। বিশেষ করে বোম্বাই, চায়না-৩ ও মাদ্রাজি জাতের লিচুর চাহিদা সবচেয়ে বেশি। প্রতিদিন ভোর থেকে সকাল পর্যন্ত চলে পাইকারি বিক্রি, এরপর এসব লিচু চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে মৌসুমি লিচুর বাজার জমে ওঠার খবরও পাওয়া যাচ্ছে।
পাইকারি ব্যবসায়ী মো. রফিক জানান, প্রতিদিন হাজার হাজার লিচু বিক্রি হচ্ছে। শুরুতে দাম একটু বেশি থাকলেও সরবরাহ বাড়ায় এখন বাজার কিছুটা স্থিতিশীল। খুচরা বিক্রেতা মিসেস বোধিয়ে মা বলেন, মৌসুমের শুরুতে ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
স্থানীয় কৃষকরাও বেশ সন্তুষ্ট। তারা বলছেন, লিচুর ন্যায্যমূল্য পাওয়ায় এবার ভালো লাভের আশা করছেন। বাজার সংশ্লিষ্টদের মতে, কয়েক সপ্তাহ ধরে লারমা স্কয়ারের এই পাইকারি লিচুর বাজার আরও জমজমাট থাকবে।
এদিকে মৌসুমি ফলের বেচাকেনাকে ঘিরে দীঘিনালার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় শ্রমিক, পরিবহন চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও পাচ্ছেন বাড়তি আয়।