জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে মাদ্রাসায় গরু দান করার কথা বলে এক চতুর প্রতারক প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীরা দিশেহারা হয়ে পড়েছেন এবং প্রতারককে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল (২০২৬) প্রতারক চক্রটি প্রথমে মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করে।প্রতারক চক্র জানায়,তারা সওয়াবের উদ্দেশ্য মাদ্রাসায় গরু দান করতে চায়। তাদের ফাঁদে পা দিয়ে মাওলানা আবুল কালাম আজাদ গরু কেনার জন্য জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও গরু বিক্রেতা হেলাল আহমদের কাছে যান।
প্রতারক চক্রটি অত্যন্ত সুকৌশলে হেলাল আহমদের কাছ থেকে ২ লক্ষ টাকা মূল্যের ৩টি গরু নিয়ে নেয়। এছাড়াও বিভিন্ন অজুহাতে মাওলানা আবুল কালাম আজাদের কাছ থেকে ৯০ হাজার টাকা এবং হাফিজ নুরুল ইসলামের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। সব মিলিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা ও গরু নিয়ে প্রতারক চক্রটি এলাকা থেকে চম্পট দেয়।
প্রতারণার শিকার কাউন্সিলর হেলাল আহমদ ও মাওলানা আবুল কালাম আজাদ জানান, লোকটির কথা ও আচরণে তারা কোনো সন্দেহ করতে পারেননি। কিন্তু টাকা ও গরু হাতিয়ে নেওয়ার পরপরই তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তার দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে কোনো হদিস মেলেনি।
এই ন্যাক্কারজনক ঘটনার পর ভুক্তভোগীরা সামাজিকভাবে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা ঘোষণা করেছেন যে:
"যদি কোনো ব্যক্তি এই প্রতারকের সঠিক সন্ধান দিতে পারেন অথবা তাকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন, তবে তাকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা পুরস্কার প্রদান করা হবে।"
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অপরিচিত ব্যক্তিদের সাথে লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।এই ধরণের প্রতারক চক্র থেকে বাঁচতে যেকোনো বড় লেনদেনের আগে পরিচয় নিশ্চিত করুন এবং স্থানীয় থানা বা জনপ্রতিনিধিকে অবহিত রাখুন।