মোঃ নাঈম উদ্দীন,জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়া এলাকায় প্রাইভেট পড়তে গিয়ে মুসকান (৯) নামের চতুর্থ শ্রেণির এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিখোঁজ মুসকান চুয়াডাঙ্গা পৌরসভার গুলশানপাড়া এলাকার বাসিন্দা এবং কুষ্টিয়া রেলওয়ে ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেকের মেয়ে। এ ঘটনায় শিশুটির পরিবার ও পুরো এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকাল ৯টার দিকে মুসকান গুলশানপাড়া এলাকার স্থানীয় শিক্ষক মো. সারওয়ারের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তার পড়ার নির্ধারিত সময় ছিল।
কিন্তু পড়া শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে মুসকান বাড়িতে ফিরে আসেনি।
দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং শিক্ষক সারওয়ারের বাড়িতে ও আশপাশের লোকজনের কাছে খোঁজ নিতে শুরু করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান মেলেনি। এরপর স্বজনদের বাড়ি এবং সম্ভাব্য সব জায়গায় মাইকিং ও খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি।
দুপুর গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এলেও মেয়ের কোনো সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মুসকানের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে।
দেশবাসীর কাছে অনুরোধ, ছবি বা বিবরণ অনুযায়ী নিখোঁজ শিশু মুসকানকে কোথাও দেখতে পেলে বা তার কোনো সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।