আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ সাঁড়াশি অভিযানে বড় ধরনের সাফল্য মিলেছে। গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে ও মাদক মামলায় ১০ জনকে সরাসরি হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিযানে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য তথ্য নিচে দেওয়া হলো:
১. ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলা: ১০ জন আসামিকে ডাকাতির প্রস্তুতিকালে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয়েছে। এই ১০ জনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ০৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
২. ওয়ারেন্টভুক্ত আসামী: অবশিষ্ট ১৯ জন আসামী বিভিন্ন মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন।
এই সফল অভিযানটি পরিচালনা করা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও সরাসরি দিক-নির্দেশনায়। জেলা পুলিশের আওতাধীন সকল থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে, গোমস্তাপুর থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সাথে জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রী।