তোফায়েল আহমেদ
নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ (সিলেট)
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নে এক সংবাদকর্মীর পরিবারের চলাচলের একমাত্র রাস্তা জবরদখল করে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। আদালতের স্থিতাবস্থা ও ১৪৪ ধারা অমান্য করে রাস্তা বন্ধ করে দেয়ায় গত কয়েকদিন ধরে সাংবাদিকের পরিবারটি কার্যত গৃহবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
অবরুদ্ধ সাংবাদিক পরিবার
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আমুড়া ইউনিয়নের সুন্দিসাইল গ্রামের মৃত ফরিজ আলীর ছেলে নিয়ামত আলী ও তার সহযোগীরা মিলে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সার্জন টিভি’র সাংবাদিক জুবের আহমদের বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি বন্ধ করে দিয়েছেন। এই ঘটনায় সাংবাদিকের ভাই আলী হোসেন বাদী হয়ে সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং ০৬/২৬ইং) দায়ের করেন।
আদালতের আদেশ বৃদ্ধাঙ্গুলি
মামলা চলাকালীন অবস্থায় গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে আদালত সংশ্লিষ্ট স্থানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির নোটিশ (প্রসেস নং-১৫১/২০২৬ইং) প্রদান করেন। তবে অভিযোগ উঠেছে, অভিযুক্ত নিয়ামত আলী, তার ছেলে তাজ উদ্দিন ও বিলাল আহমদ গং আদালতের সেই নির্দেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক ইটের দেয়াল গেঁথে রাস্তাটি স্থায়ীভাবে বন্ধ করে দেন।
হামলা ও প্রাণনাশের হুমকি
সর্বশেষ গত ২৬ জানুয়ারি বিকেলে অভিযুক্তরা জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাওয়ার সময় সাংবাদিক জুবের আহমদের ছোট বোন নুরুন নাহার রুনা বাধা দিলে তার ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। অভিযোগমতে, প্রভাবশালী চক্রটি তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয়া হয়েছে বলে জানা গেছে।
থানায় সাধারণ ডায়েরি
বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। এ ঘটনায় সাংবাদিক জুবের আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করেছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চলাচলের পথটি উন্মুক্ত করার এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ দাবি করেছেন।