হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ
সিলেটের গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও সাপ্তাহিক সকালের দিগন্তের সম্পাদক সৈয়দ জেলোয়ার হোসেন স্বপন হেনস্তা, গালিগালাজ ও হুমকির শিকার হয়েছেন। গত ১৬ আগস্ট (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহ শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৮২৩, জিডি ট্র্যাকিং নং: 5MYQVD) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর সংবাদ পেয়ে তথ্য সংগ্রহের জন্য সেখানে যান সাংবাদিক সৈয়দ জেলোয়ার হোসেন স্বপন ও তাঁর সহকর্মী মাহদি রহমান। কাজ শেষে বের হওয়ার সময় নিজেকে ‘তালাশ টিভি’ নামক একটি ফেসবুক পেজের সাংবাদিক পরিচয় দিয়ে খালেদ আহমেদ নামে এক ব্যক্তি তাঁদের পথরোধ করেন।
অভিযোগে বলা হয়, বিবাদী খালেদ আহমেদ সাংবাদিক স্বপনের পরিচয় নিয়ে অশালীন ভাষায় গালাগাল করেন, হেনস্তা করেন এবং অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করতে থাকেন। একপর্যায়ে বিবাদী বহিরাগত লোক ডেকে এনে তাঁদের ভয়ভীতি দেখান এবং শারীরিক আক্রমণের চেষ্টা চালান। পরে তাঁরা দ্রুত স্থান ত্যাগ করে থানায় গিয়ে আশ্রয় নেন।
ভুক্তভোগী সাংবাদিক স্বপন জানান, এ ঘটনায় তিনি ও তাঁর সহকর্মী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত সুরক্ষার স্বার্থে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আবেদনটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।