হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ
গোলাপগঞ্জে খাবার ও আড্ডার নতুন ঠিকানা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এএমসি ফুড কোর্ট’। বুধবার (৪ নভেম্বর) বাদ জোহর আব্দুল মুতলিব কমপ্লেক্সের তৃতীয় তলায় ফুড কোর্টটির কার্যক্রমের সূচনা উপলক্ষে এক পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জামিল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল মুতলিব কমপ্লেক্সের স্বত্বাধিকারী আনোয়ার জাহাঙ্গীর ও আনোয়ার মাছুম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, সাংবাদিক শহিন আলম সাহেদ, ইমরান আহমদ, সামিল হোসেন, জাহিদ উদ্দিন, দেলোয়ার হোসেন মাহমুদ, তামিম আহমদ, আব্দুল মুতলিব কমপ্লেক্স ব্যবসায়ী পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, এএমসি ফুড কোর্টে ঢাকা ও সিলেটের বিভিন্ন জনপ্রিয় ফুড ব্র্যান্ডের সমন্বয়ে মানসম্মত খাবারের বিশাল সমাহার রয়েছে। এখানে বিরিয়ানি, বার্গার, পিৎজা, চাইনিজ খাবার, আইসক্রিম, জুস ও ফুচকাসহ নানা মুখরোচক ও জনপ্রিয় খাবার পাওয়া যাবে। মনোরম পরিবেশে পরিবার-পরিজন নিয়ে আড্ডা ও সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার জন্য এটি গোলাপগঞ্জবাসীর জন্য একটি চমৎকার সংযোজন হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।