রাতুল আহম্মেদ জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
গ্যারেজ মালিক ও তার স্বজনদের এ বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার লিটন সড়কের একটি বাসা থেকে আল-আমিন (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কামরুল নামক গ্যারেজ মালিক ও তার স্বজনদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (২১ মে) রাত আনুমানিক ৮টার দিকে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া লিটন সড়ক এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল-আমিন গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় এলাকার ফায়েক শেখের ছেলে। নিহত আলআমিন দুই সন্তানের জনক বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে অভিযুক্ত গ্যারেজ মালিক কামরুলের মামাসহ তিনজন ব্যক্তি আল-আমীনকে একটি রিকশায় করে ওই বাসায় নিয়ে আসেন। পরবর্তীতে ওই বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আল-আমীনকে নিয়ে আসা ব্যক্তিরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত গ্যারেজ মালিক কামরুল, তার বোন (যিনি ওই বাড়ির মালিক বলে জানা গেছে) এবং তার ভাগনেসহ সংশ্লিষ্টরা পলাতক রয়েছেন।
অভিযুক্তদের কাউকে এলাকায় দেখা যায়নি। এ কারণে গ্যারেজ মালিক ও তার স্বজনদের বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয় এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।