হাবিব(বগুড়া)জেলা প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দি ও শেরপুর উপজেলায় গোপনে মজুত সাড়ে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান।বুধবার সন্ধ্যা ও রাতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকালে সরকারি দামে তেলগুলো বিক্রি করা হয়েছে। সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
সারিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, উপজেলার টিপুর মোড়ে লোপা এন্টারপ্রাইজের মালিক লোকমান হাকিম দীর্ঘদিন ধরে লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে ডিজেল, পেট্রোল এবং অকটেন বিক্রি করে আসছেন। দেশে তেলের সংকট শুরু হওয়ার পর তার দোকানে বিক্রি বন্ধ করে সেগুলো গোপনে মজুত করে রাখেন।
এদিকে গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে বুধবার রাত ৯টার দিকে অভিযান চালানো হয়। সেখানে চার হাজার লিটার ডিজেল পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে লোপা এন্টারপ্রাইজের মালিক লোকমান হাকিম ও তার সহযোগীরা পালিয়ে যান। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানের সময় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
অপরদিকে, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার রানীরহাট বাজারের মেসার্স বিমল ট্রেডার্সে অভিযান চালান। সেখানে অবৈধভাবে মজুত করা প্রায় দুই হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জব্দ করা ডিজেলগুলো বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
এদিকে জব্দ করা ডিজেল কৃষদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’