কাতারে বিডি কমিউনিটি ভলান্টিয়ার ফুটবল ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
আবুল কালাম ফয়সাল,কাতার
দোহায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিডি কমিউনিটি ভলান্টিয়ার ফুটবল ফেস্ট ২০২৬।বাংলাদেশ কমিউনিটি ভলান্টিয়ারের উদ্যোগে আয়োজিত এই ফুটবল ফেস্টিভ্যালে কমিউনিটির সদস্যদের নিয়ে তিনটি দলে বিভক্ত করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১১ জুলাই কাতারের আরব ইন্টারন্যাশনাল একাডেমি স্কুলের মাঠে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি দল গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দেয়। নির্ধারিত খেলা শেষে টিম আলফা ও টিম ব্রাভো ফাইনালে মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। টাইব্রেকারে জয়লাভ করে টিম আলফা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও আয়োজনের পৃষ্ঠপোষকতা করে ট্রেড মার্ক গ্রুপ। আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়া সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে ভবিষ্যতে তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক কার্যক্রম আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
পরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও অতিথিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।