টেকনাফ প্রতিনিধি, আবু মুসা
কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২৩ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিসিজি স্টেশন কক্সবাজারের একটি আভিযানিক দল কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেন। এ সময় তাদের বহন করা একটি ব্যাগ তল্লাশি করে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। তারা এর আগেও একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
জব্দকৃত আলামত ও আটক দুই চোরাচালানকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।