উখিয়া প্রতিনিধি: কামরুল ইসলাম
কক্সবাজারের স্থানীয় এনজিও সংস্থা ‘মুক্তি কক্সবাজার’-এর বিরুদ্ধে কর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম ও বঞ্চনার অভিযোগ উঠেছে। সংস্থাটির শিক্ষা কর্মসূচিতে সম্প্রতি ২৬ জনকে নিয়োগ দেওয়া হলেও তাদের মধ্যে উখিয়ার একজন স্থানীয় বাসিন্দাকেও রাখা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ উঠেছে, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক বিভিন্ন প্রকল্পে হোস্ট কমিউনিটির জন্য ২৫ শতাংশ চাকরির কোটা সংরক্ষণের নির্দেশনা থাকলেও ‘মুক্তি কক্সবাজার’ তা মানেনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, উখিয়া-টেকনাফবাসীর অধিকার উপেক্ষা করে সংস্থাটি আবারও স্থানীয়দের বঞ্চিত করেছে। তাদের অভিযোগ, স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় তা অনুসরণ করা হয়নি।
এদিকে গত ৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘মুক্তি’র নতুন একটি প্রকল্পে বিভিন্ন পদে আরও ৮ জনকে নিয়োগ দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ৮ জনের মধ্যেও উখিয়ার কোনো স্থানীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে।
প্রশ্ন উঠেছে—স্থানীয়দের জন্য নির্ধারিত ২৫ শতাংশ চাকরির কোটা কোথায় যাচ্ছে এবং কারা সেই সুযোগ পাচ্ছে?
স্থানীয়দের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং একটি সিন্ডিকেটের মাধ্যমে বাইরের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় বইছে।
এ বিষয়ে স্থানীয় শিক্ষিত বেকার যুবক মোহাম্মদ হাসান বলেন, “আমরা সব চাকরিতে দাবি করছি না। রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক যেসব নিয়োগ হয়, সেগুলোতে উখিয়া-টেকনাফবাসীর অগ্রাধিকার থাকা উচিত। কারণ রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় প্রভাব আমরা বহন করছি। অনেক কষ্ট সহ্য করে আমরা পরিস্থিতি মেনে নিয়েছি। তাই বিতর্কিত এই নিয়োগ প্রক্রিয়ার তদন্ত করে স্থানীয়দের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
স্থানীয়রা অবিলম্বে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত এবং হোস্ট কমিউনিটির জন্য সংরক্ষিত কোটা বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।