টেকনাফ, কক্সবাজার: টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে অবস্থিত উনচিপ্রাং আর রহমান জামে মসজিদের বার্ষিক সভা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত হন হোয়াইক্যং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সাংবাদিক জনাব আবুল কাশেম। তার আগমনে উপস্থিত মুসল্লি ও স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন বিশিষ্ট আলেমে দ্বীন মওলানা নুর মোহাম্মদ এবং হাফেজ রাহমত উল্লাহ। তারা অতিথিকে স্বাগত জানিয়ে মসজিদ ও এলাকার উন্নয়নমূলক কাজে তার সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক ঐক্য এবং দ্বীনি কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিক আবুল কাশেম তার বক্তব্যে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ধর্মীয় আবহে সম্পন্ন হওয়া এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।