সাদ্দাম হোসেন সাজ্জাদ :
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তাঁর সফরকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান নেন রোহিঙ্গারা।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তারা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি(ডব্লিউএফপি)-এর কার্যক্রম এবং রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।প্রতিনিধি দলের আগমন উপলক্ষে সকাল থেকেই ৪ নম্বর এবং পার্শ্ববর্তী ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) ক্যাম্পে শত শত রোহিঙ্গা রাস্তার দুই পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। তাদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি তুলে ধরা হয়।প্ল্যাকার্ডগুলোতে ইংরেজিতে লেখা ছিল— “You Have Your Home! We Miss Our Home!” (তোমাদের নিজস্ব বাড়ি আছে, আমরা আমাদের বাড়িকে মিস করছি), “No More Refugee Life, Returning Is Our Right” (আর শরণার্থী জীবন নয়, নিজ দেশে ফেরাই আমাদের অধিকার) এবং “Enough is Enough” (আর নয় কষ্ট)।অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. জোবায়ের বলেন, “আমরা অনির্দিষ্টকাল শরণার্থী হিসেবে বসবাস করতে চাই না। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, শুধু মানবিক সহায়তা নয়, আমাদের নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।”