কক্সবাজার জেলা প্রতিনিধি জামাল উদ্দিন
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকার মৃত ফরিদ আলমের ছেলে শহিদুল ইসলাম বাবু (২২)। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ২.৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে উলুবনিয়া পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গ্রামের দিক থেকে আসা একটি অটোরিকশাকে সন্দেহ হলে সেটি থামিয়ে চালক শহিদুল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয় এবং পরবর্তীতে অটোরিকশায় থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪টি কার্টনে সুকৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমার সীমান্ত এলাকা থেকে এই ইয়াবার চালান সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা, অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।