মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালায় পাবনা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন - ইকবাল হোসেন ইমন (৩১), নাজমুল হাসান (৩০), সজীব (২৭), তুষার ইমরান (৩৩), জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) এবং সাজাদুর রহমান (২১)।
রোববার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, অভিযানের সময় ঘটনাস্থলে থাকা একটি চৌকির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা পাঁচ রাউন্ড ৭ দশমিক ৬৫ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রটি ইকবাল হোসেন ইমনের হেফাজতে ছিল। তবে অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি বলে দাবি পুলিশের।
পুলিশ সুপার আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস, ব্যবহার এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।