স্টাফ রিপোর্টারঃ
সিলেটের গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আরও এক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ বাবুল হোসেন (৪৫)। তিনি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামের মোঃ আব্দুল মুতলিবের ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী, বাবুল হোসেনের বিরুদ্ধে এর আগেও ডাকাতি, দস্যুতা ও মাদকসহ মোট ৬টি মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, গত ১১ মে ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকিংয়ের জন্য ২০ লক্ষ টাকা নিয়ে যাওয়ার পথে ডাকাতির এই ঘটনাটি ঘটেছিল। পুলিশ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে।