রুপম চাকমা বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর হুমকি ও দিঘীনালা,বাঘাইহাট বাজার থেকে নিত্য প্রয়োজনীয় মালামাল নিয়ে যাওয়া নিষেধ ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে অনেক ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সাজেক এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন মালিক এবং সাধারণ জনগণের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। দাবি পূরণ না করলে ভয়ভীতি ও হামলার আশঙ্কা দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরেই পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের চাপে মুখে রয়েছে।
তবে সাম্প্রতিক হুমকির ঘটনায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। অনেকে নিরাপত্তার অভাবে এলাকা ছাড়ার কথাও ভাবছেন।
সাজেকের পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা বলেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে পর্যটকের সংখ্যা কমে যেতে পারে। এতে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সাজেকের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও প্রশাসন কাজ করছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে বলেও তারা জানান।
স্থানীয় সচেতন মহল বলছে, পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সংযত থাকতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।