নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর (নাটোর)
দৈনিক মুক্তি সমাচার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নাটোর জেলা শাখার সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নং মসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. রফিকুল ইসলাম।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, "আসাদুজ্জামান আসাদ একজন অত্যন্ত ত্যাগী, সৎ ও দক্ষ সংগঠক। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ও নিরলস প্রচেষ্টায় নাটোরে বিএনপির হারানো ভিত্তি পুনরায় শক্ত হয়েছে এবং জেলার চারটি আসনেই বিএনপি সুসংগঠিত হয়ে বিজয়ের পথে এগিয়েছে।" রফিকুল ইসলাম আরও উল্লেখ করেন যে, আসাদ সাহেবের মাঝে তিনি নাটোর-৪ আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হক সাহেবের আদর্শিক নেতৃত্বের ছায়া দেখতে পান।
নিজের রাজনৈতিক জীবনের সংগ্রামের স্মৃতি চারণ করে এই সাবেক সেনাসদস্য বলেন, "বিগত স্বৈরাচারী সরকারের আমলে এবং দলের ভেতর ঘাপটি মেরে থাকা সুবিধাবাদী চক্রের দ্বারা আমি বারবার নির্যাতিত ও নিগৃহীত হয়েছি। শত বাধা ও প্রতিকূলতার মাঝেও শহীদ জিয়ার আদর্শ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসা থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারেনি।"
তিনি দলের শীর্ষ নেতৃত্ব এবং বিশেষ করে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "তৃণমূল শক্তিশালী হলেই দল ও দেশ ভালো থাকবে। বর্তমানে আসাদুজ্জামান আসাদের নির্দেশনায় নাটোরে বিএনপি অদ্যবধি সকল সাংগঠনিক কার্যক্রমে অত্যন্ত সচেষ্ট রয়েছে। এখন সময় এসেছে সঠিক নেতৃত্বের মূল্যায়ন করে দলকে আরও সুসংগঠিত করার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার।"