স্টাফ রিপোর্টারঃ
হাইকোর্টের জারি করা স্থিতাবস্থা (Status Quo) ও রুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে জেলা পরিষদের ডাক বাংলোর পুকুর ভরাট করে দেদারসে চলছে মার্কেট নির্মাণের কাজ। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড অব্যাহত রাখায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদীরা।
সোমবার (২৫ মে'২৬) ‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট’ এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকাদক্ষিণের বিতর্কিত ওই ডাকবাংলো পুকুরটি সরেজমিনে পরিদর্শন করেন।
সম্প্রতি জলাশয়টি রক্ষা করতে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আলম জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিতর্কিত ওই ভূমির ওপর ৩ মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
একই সাথে আদালত এক রুলে জানতে চেয়েছেন, কেন এই পুকুরের ওপর মার্কেট নির্মাণকে বেআইনি ঘোষণা করা হবে না, কেন চলমান নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হবে না এবং কেন পুকুরটিকে তার পূর্বের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হবে না। এছাড়া, পুকুরের শ্রেণি পরিবর্তন, ভরাট ও নির্মাণকাজের অনুমতির বিস্তারিত তথ্য আগামী ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরও নির্মাণকাজ সচল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিদর্শনকারী পরিবেশবাদীরা। পরিদর্শন শেষে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-র কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল করিম কিম বলেন, ২০২০-২০২১ সালেও জেলা পরিষদ এখানে মার্কেট নির্মাণের অপচেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় জনগণ ও পরিবেশবাদীদের তীব্র প্রতিবাদে তা ভেস্তে যায়। অথচ গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে জেলা পরিষদের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি ভূমিখেকো চক্র আবারও দ্রুততার সাথে এই মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে।
পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের চেয়ারম্যান ডা. মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার) বলেন, প্রাকৃতিক জলাধার ধ্বংস করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ জনস্বার্থবিরোধী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পুকুর ও জলাভূমি রক্ষা করা অত্যন্ত জরুরি।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আলম জানান, এই সম্পত্তিটি মূলত প্রখ্যাত জমিদার কালী প্রসাদ দত্ত চৌধুরী স্থানীয় জনগণের কল্যাণের জন্য দান করেছিলেন। পরবর্তীতে সরকার সেখানে চিকিৎসাকেন্দ্র, ডাকবাংলো ও সরকারি কোয়ার্টার নির্মাণ করে। কিন্তু এখন ব্যক্তিস্বার্থে সেই ঐতিহ্যবাহী পুকুর ভরাট করে মার্কেট করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
পুকুর পরিদর্শন শেষে পরিবেশবাদী প্রতিনিধি দলটি ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাস্টি ও সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী (দীপন)। ট্রাস্টি রেজাউল কিবরিয়া। ঐতিহ্য গবেষক আসিফ আজহার। পরিবেশকর্মী রোমেনা রোজী, তাপস পুরকায়স্থ, ও নাহিদ পারবেজ বাবু। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম। স্থানীয় মুরব্বি শাহ জামাল ও কবির আহমদ।
যুক্তরাষ্ট্র প্রবাসী মিছবাহ আহমদ। বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী ও আজিজ খান প্রমুখ।
পরিবেশবাদীরা অনতিবিলম্বে আদালতের নির্দেশ মেনে, আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুকুর ভরাটের কাজ সম্পূর্ণ বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।