নাটোর প্রতিনিধি:
নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে নাটোর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেনের দুই নিকটাত্মীয়ের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তার চাচাতো ভাই মো. দেলোয়ার হোসেন এবং ফুফাতো ভাই মো. কাউছার ফকির গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত রেজাউল ও তার অনুসারীরা মো. দেলোয়ার হোসেন ও মো. কাউছার ফকিরের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপ ও লাঠিসোঁটার আঘাতে দুজনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক এবং নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী রেজাউলসহ এই হামলার সাথে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।